গাড়ি দুর্ঘটনায় আইফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে জরুরী নাম্বারে কল যাবে
আগামী বছর থেকে আপনার আইফোন নতুন সক্ষমতা পেতে পারে। আর সেই সক্ষমতা হলো, গাড়ি দুর্ঘটনা হলে সেটি সনাক্ত করা এবং স্বয়ংক্রিয়ভাবে জরুরী নাম্বারে কল করা। খবর এনগ্যাজেট।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘ক্রাশ ডিটেকশন’ নামে আইফোন ও অ্যাপল ওয়াচের জন্য নতুন ফিচার উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল। এই ফিচারটি অ্যাপল ডিভাইসের সাথে থাকা বিভিন্ন সেন্সর যেমন অ্যাক্সেলারোমিটার ব্যবহার করবে।
গত কয়েক বছর ধরে অ্যাপল এই প্রযুক্তি নিয়ে কাজ করবে এবং বাস্তবিক পরিপ্রেক্ষিতে সেটির পরীক্ষা চালাচ্ছে। বিশ্বব্যাপী আইফোন এবং ওয়াচ ব্যবহারকারীদের কাছ থেকে চুপিসারেই ডেটা সংগ্রহ করছে অ্যাপল।
ইতিমধ্যেই এক কোটির অধিক সন্দেহজনক দূর্ঘটনাকে সনাক্ত করেছে অ্যাপল। যার মধ্যে অন্তত ৫০ হাজার দুর্ঘটনায় জরুরী নাম্বার (৯১১) এ কল করা হয়েছে। অ্যাপল এই তথ্য নিয়ে দুর্ঘটনা সনাক্তকরণ অ্যালগরিদম উন্নতকরণে কাজ করছে।
এই ধরণের ফিচার এবারই প্রথম নয়। গুগল একই ধরনের ফিচার তাদের পিক্সেল ৩ ও পিক্সেল ৪ ডিভাইসের উন্মোচন করেছে। এর ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপের মাধ্যমে গাড়ি দুর্ঘটনা সনাক্ত হয় এবং জরুরী সেবায় অবহিত করে।
ডিবিটেক/বিএমটি